জাতীয় টিটিতে বিকেএসপি!
দেশের বিভিন্ন জেলার খেলোয়াড় খেলতে আসছেন জাতীয় টেবিল টেনিসে। তবে তাদের খেলতে হবে পেশাদার সেনাবাহিনী, বিমান, জেলের খেলোয়াড়দের সঙ্গে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ক্রীড়াবিজ্ঞানের একমাত্র সংস্থা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
তবে আগামীকাল থেকে শুরু হওয়া জাতীয় টিটির আড়ালে আগামী নির্বাচনের জন্য পছন্দমতো কাউন্সিলর তৈরী করতেই সুযোগ করে দেওয় হচ্ছে অনেক দলকেই।
জানা গেছে, টিটির গঠনতন্ত্র অনুযায়ী টানা দুটি জাতীয় চ্যাম্পিনশিপ খেললেই কাউন্সিলর হিসাবে যোগ্য হবে কোন ক্লাব বা সংস্থা। অভিযোগ রয়েছে, সেই কারণেই বিভিন্ন সংস্থাকে বিকেএসপির খেলোয়াড় দেওয়া হয়েছে। একই কারণে সিনিয়র এই চ্যাম্পিয়নশিপে আনা হয়েছে বিকেএসপিকেও।
বৃহস্পতিবার শহিদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকারও করলেন টিটি ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যাপ্টেন এমএ মাকসুদ আহমেদ, ‘এখন নির্বাচন করতে গেলে কোন কাউন্সিলর নেই। কারা কাউন্সিলর হবে? তাই কাউন্সিলর বানাতেই আমাদের এমন উদ্যোগ। কাল থেকে শুরু হচ্ছে গত বছরের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এবছরেরটাও হবে।’ ৪১ জেলাসহ ৪৯টি দলের প্রায় পাঁচশ’ প্রতিযোগির অংশগ্রহনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাজেট ২৫ লাখ টাকা। কিন্তু কোন অর্থ পুরস্কার নেই।’
বিভিন্ন সার্ভিসেস ও সংস্থার পেশাদার খেলোয়াড়দের সঙ্গে জেলার খেলোয়াড়রা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এমন প্রশ্নের উত্তরে মাকসুদ আহমেদের কথা, ‘তারা হয়তো তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তবে ভবিষ্যতের জন্য আইডল খুঁজে পাবে।’ এবারের আসরে সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ বিভাগে ১৪টি ইভেন্টে খেলা হবে। পুরুষ ও মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দলগত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: