[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শিমলায় সাউথ এশিয়ান জুনিয়রে অংশ নিতে বিকেএসপিতে টিটি দলের প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ ১৯:০৩ পিএম

ভারতের শিমলায় অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ জুনিয়র টেবিল টেনিস দলের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ৮ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে শুরু হওয়া ক্যাম্পে অনূর্ধ্ব–১৫ ও অনূর্ধ্ব–১৯ বালক-বালিকা বিভাগের মোট ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ইতোমধ্যে ১৫ জন যোগ দিয়েছে।

অনূর্ধ্ব–১৯ বালক বিভাগে রয়েছেন মো. নাফিজ ইকবাল, আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব ও মো. জয় ইসলাম। অনূর্ধ্ব–১৯ বালিকা বিভাগে আছেন বালিকা ও নারী বিভাগের এক নম্বর খেলোয়াড় খই খই সাই মারমা, রেশমী তঞ্চংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান অনন্যা। অনূর্ধ্ব–১৫ বালক বিভাগে খেলবেন মো. শাহীন আহম্মেদ, মো. মৃদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ ও মো. রাব্বী ইসলাম। অন্যদিকে অনূর্ধ্ব–১৫ বালিকা বিভাগে রয়েছেন জান্নাত ইসলাম রোজা, মোছা. রাফিয়া চৌধুরী, মোছা. জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।

বিকেএসপির টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহর নেতৃত্বে কোচিং স্টাফে থাকছেন বিকেএসপির কোচ ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল–২ কোচ রিগ্যান বড়ুয়া। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ–সভাপতি ও সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের আনুষ্ঠানিক প্রসপেক্টাস পাওয়ার আগেই প্রাথমিক দল গঠন করে ৩৩ দিনের আবাসিক ক্যাম্প শুরু করা হয়েছে। পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্যন্ত ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। স্পন্সর পাওয়া গেলে অতিরিক্ত চারজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও দলের সঙ্গে নেওয়ার চেষ্টা করা হবে।

দলের ম্যানেজার তাহমিনা তারমিন বিনু জানান, সময় স্বল্পতার কারণে ক্যাম্পে ঈদের ছুটি বাতিল করা হয়েছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে খেলোয়াড়রা সকাল, বিকাল ও রাতে তিন দফা নিবিড় অনুশীলন চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন আসরে বাংলাদেশ জুনিয়র দল ভালো ফল উপহার দিতে পারবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর