[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জাহানারা ইস্যুতে প্রভাবমুক্ত তদন্তের দাবি মাশরাফির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

শুক্রবার দুপুরের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।

কান্নাভেজা কণ্ঠে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ জানিয়েছিলেন নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। এ ঘটনায় তোলপাড় চলছে দেশের ক্রিকেটে। নারী পেসারের পাশে দাঁড়িয়ে স্বাধীন তদন্ত কমিশনের আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সরব হলেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও।

শুক্রবার দুপুরের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।

আরও লিখেছেন, আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।

এর আগে তামিম এক পোস্টে লিখেছিলেন,  জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবি সংশ্লিষ্টদের বাইরে রেখে স্বাধীন তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তামিম। তিনি বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ইতোপূর্বে আরও যারা এমন হেনস্থার শিকার হয়েছেন সবাইকে সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ জানিয়েছেন তামিম। তিনি বলেন, জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর