অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
সামির মিনহাসের বিস্ফোরক ইনিংসে বিশাল সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। এরপর রান তাড়ায় ভারতকে শুরু থেকেই চেপে ধরেন তাদের বোলাররা। তাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে শিরোপা জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে সামির মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রানের বিশাল পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে গেছে ভারত।
পাকিস্তানের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা দীপেশ দেভেন্দ্রান। ওপেনার বৈভব সূর্যবংশির ২৬ রান ছাড়া ভারতের আর কোনো ব্যাটারই বিশের কোটা পার হতে পারেননি।
ভারতের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন পাকিস্তানের পেসার আলী রাজা। ৬.২ ওভারে ৪২ রানের বিনিময়ে তিনি একাই চার উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মুহাম্মাদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।
এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার মিনহাস ১১৩ বলে ১৭টি চার ও ৯টি ছক্কায় ১৭২ রানের ইনিংস খেলেন। এছাড়া মিডল অর্ডার ব্যাটার আহমেদ হুসাইনের ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন দীপেশ দেভেন্দ্রান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: