এখনই সুযোগ, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সাবেক অধিনায়কের
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যানের পর বাংলাদেশও জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে খেলবে না তারা। এই প্রেক্ষাপটে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সাবেক এই অধিনায়কের মতে, বর্তমান ক্রিকেট কাঠামোকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটাই উপযুক্ত সময়। উল্লেখযোগ্য যে, গত এক সপ্তাহ ধরে পাকিস্তানি গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, বিসিবির অবস্থানকে সমর্থন করছে পিসিবি। এমনকি বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।
একটি ইউটিউব চ্যানেলে দেয়া বক্তব্যে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচ না হলে বিশ্বকাপের ৫০ শতাংশ আকর্ষণই চলে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটি বড় সুযোগ।’
সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘পাকিস্তানের বলা উচিত, আমরা বাংলাদেশের পাশে আছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব না। এখনই অবস্থান নেয়ার সময়। এটা করতে হলে সাহসী হৃদয় থাকতে হয়।’
আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করে লতিফ বলেন, ‘এটা কোনো ভালো সিদ্ধান্ত মনে হচ্ছে না। আজ আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই। পৃথিবীর কোনো সংস্থাই এমন নিশ্চয়তা দিতে পারে না। সবচেয়ে নিরাপদ জায়গাতেও কেউ এমন গ্যারান্টি দিতে পারে না। আশা করি, কোনো দলের সঙ্গেই কিছু ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘এখনও ট্রাম্প কার্ড পাকিস্তানের হাতেই। বাংলাদেশের অবস্থান সঠিক। এর চেয়ে ভালো সুযোগ পাকিস্তান আর পাবে না। পাকিস্তান না খেললে কার্যত বিশ্বকাপ থেমে যাবে। পাকিস্তানই মূল চাবিকাঠি। হ্যাঁ, ভবিষ্যতে পাকিস্তানকে শাস্তি বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। কিন্তু শুধু কথা বললে হবে না, এখনই প্রমাণ করার সময়, আপনি কাকে সমর্থন করেন।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নেপাল, ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: