সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিলো নেদারল্যান্ডস
জাপানের সঙ্গে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী সুইডেনকে স্রেফ উড়িয়ে দিলো নেদারল্যান্ডস। হাউসটন স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর এই ম্যাচে ৫-১ ব্যবধানের বিশাল জয় পেয়েছে ডাচরা। জোড়া গোল দিয়েছেন কোডি গাকপো ও ব্রায়ান ব্রবি। বাকি গোলটি এসেছে ক্রিসেনসিও সামারভেইলের কাছ থেকে।
বড় ব্যবধানে হেরে বিশ্বকাপে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে সুইডেন। ১৯৫৮ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে ৫-২ গোলে পরাজয়ের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে তিন বা তার বেশি গোলের ব্যবধানে হারল সুইডিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেদারল্যান্ডস। মাত্র ৫ মিনিটেই কোডি গাকপোর নিখুঁত ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। ১৭ মিনিটে আবারও ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রসে পা ছুঁইয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় রোনাল্ড কোমানের দল।
সুইডেন অবশ্য প্রথমার্ধে কয়েকবার ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। ভিক্টর গিওকেরেসের শট এবং ইয়াসিন আইয়ারির দুটি প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। ৪৫ মিনিটে গুস্তাফ লাগারবিয়েলকের হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডামফ্রিসের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন গাকপো। সাত মিনিট পর দূরপাল্লার শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন লিভারপুল তারকা। এই গোলের মধ্য দিয়েই চলতি বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে টুর্নামেন্টটি। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোল পূর্ণ হওয়ার ঘটনা আর ঘটেনি।
আর গাকপোও করলেন রেকর্ড। সবমিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন কোডি গাকপো। বিশ্বকাপের এক আসরের গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি এখন যৌথভাবে আছেন রবিন ফন পার্সির সঙ্গে। মাত্র ২৭ বছর বয়সেই ডাচ ফুটবলের অন্যতম সেরা তারকাদের কাতারে নিজের নাম আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করছেন এই তারকা।
৫৯ মিনিটে বদলি হিসেবে নামা অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ করে সুইডেনকে সামান্য আশা দেখান। তবে শেষ মুহূর্তে ক্রিসেনসিও সামারভেইলের গোল সেই আশাও নিভিয়ে দেয়। ৮৯ মিনিটে পাওয়া ওই গোল নেদারল্যান্ডসের ৫-১ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানো সুইডেন এবার নিজেদের বিশ্বকাপ অভিযানে বড় ধাক্কা খেল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: