[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

রোনালদোর ভক্ত থেকে রিয়ালের দোরগোড়ায় দিয়োমান্দে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৩:০৭ পিএম

শৈশবে প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি কেনার সামর্থ্য ছিল না। তাই একটি সাধারণ টি-শার্টে হাতে লিখে নিয়েছিলেন রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বর। সেই ছেলেটিই এখন ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদের একজন। আরবি লাইপজিগের আইভরি কোস্টের উইঙ্গার দিয়োমান্দেকে দলে ভেড়াতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের সবচেয়ে বড় সাইনিং হতে পারেন দিয়োমান্দে। লেগানেসে নিজেকে প্রমাণ করার পর আরবি লাইপজিগে যোগ দিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন তিনি। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই তরুণ।

প্রতিবেদন অনুযায়ী, দিয়োমান্দেকে দলে টানার পরিকল্পনা অনেক দিন ধরেই করছিল রিয়াল মাদ্রিদ। সম্প্রতি দুই ক্লাবের প্রতিনিধিদের বৈঠকের পর আলোচনা আরও গতি পায়। এরই মধ্যে খেলোয়াড়ের ব্যক্তিগত সম্মতিও আদায় করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

জানা গেছে, এই দলবদলের সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরো। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে সবকিছু ঠিক থাকলে শিগগিরই চুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে।

বিশ্বকাপ চলাকালে দিয়োমান্দেকে নিয়ে পিএসজির আগ্রহের খবর জোরেশোরে শোনা গেলেও, আড়ালেই নিজেদের পরিকল্পনা এগিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। মাইকেল অলিসেকে ঘিরে গুঞ্জনের মাঝেই নীরবে দিয়োমান্দেকে মূল লক্ষ্য বানায় ক্লাবটি। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর আনুষ্ঠানিক পদক্ষেপের অপেক্ষা না করে সরাসরি লাইপজিগের সঙ্গে আলোচনায় বসে রিয়াল।

এছাড়া খেলোয়াড়ের বেতনও রিয়ালের নির্ধারিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনায় বড় কোনো বাধা সৃষ্টি হয়নি। ফলে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

দিয়োমান্দের আগমন নিশ্চিত হলে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে মাইকেল অলিসেকে দলে নেওয়ার গুঞ্জনেরও কার্যত ইতি ঘটবে। শৈশবে হাতে আঁকা রোনালদোর জার্সি পরে স্বপ্ন দেখা সেই তরুণ এখন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার খুব কাছাকাছি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর