[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল

বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। আর বালিকা বিভাগের শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিলেট। অন্যদিকে বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

বালক বিভাগের ফাইনালে সিলেট ও ময়মনসিংহের লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রথমার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সিলেট। ৫৮ মিনিটে দূরপাল্লার শটে ময়মনসিংহের রক্ষণে আতঙ্ক ছড়ান আরাফাত রাফি। এর এক মিনিট পরই মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত দূরপাল্লার শটে সিলেটকে এগিয়ে দেন আরমান খান জিসান। শেষ পর্যন্ত তাঁর সেই একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ১-০ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে সিলেটের খেলোয়াড়েরা।

বালিকা বিভাগের ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের ভেতর জটলার মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টির জোরালো শট রংপুরের স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার মাত্র দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কিসকো। কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে গোল করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রংপুর। বাম প্রান্ত থেকে স্মৃতি কিসকোর বাড়ানো ক্রস প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে তন্বীর কাছে চলে যায়। সুযোগটি কাজে লাগিয়ে সহজেই বল জালে পাঠান তিনি। ফলে বিরতিতে ৩-০ গোলে এগিয়ে যায় রংপুর।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে রংপুর। ম্যাচের ৫২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন সুমাইয়া। তাঁর গোলেই নিশ্চিত হয়ে যায় রংপুরের বড় জয়। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে রাজশাহীকে হারিয়ে বালিকা বিভাগের শিরোপা উল্লাসে মাতে রংপুর।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলগুলোর খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর