আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল
আগামী আগস্টেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়ে তোলা ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক আন্দোলনের আদলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারায় ক্রীড়াক্ষেত্রে নতুন এই ধারার সূচনা হয়েছে।
দেশের ক্রীড়াবিদদের পেশাদার কাঠামোর আওতায় আনতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম আসরে আটটি ইভেন্ট থাকলেও দ্বিতীয় আসরে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের পরিধিও বাড়ানো হবে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে খেলোয়াড় বাছাইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
জাতীয় পর্যায়ে পুরস্কৃত ৩১০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে তাঁদের খেলাধুলা ও পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব সরকারি খরচে বহন করা হবে বলেও জানান তিনি।
তরুণ প্রজন্মকে মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। এর মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে ২০১ জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পাওয়া গেছে এবং আরও ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী আগস্টেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনেরও প্রস্তুতি চলছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: