[email protected] মঙ্গলবার, ২৮শে জুলাই ২০২৬
১৩ই শ্রাবণ ১৪৩৩

রোনাল্ডো এবার হলিউডে! ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে ওয়েব সিরিজে সিআর৭

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

বিশ্বকাপ শেষ। দেশের জার্সিতে আর কত দিন দেখা যাবে, সেটিও নিশ্চিত নয়। ৪১ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে এবার নতুন এক অধ্যায়ের সূচনা করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার তাঁকে দেখা যাবে পর্দায়ও। ফুটবলকে কেন্দ্র করে ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদন জগতে পা রাখছেন পর্তুগিজ এই মহাতারকা।

সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলা রোনাল্ডোকে বিশ্বজুড়ে তারকা খ্যাতি এনে দিয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ক্লাবে তাঁর সময়ের নানা ঘটনা ও জীবনযাত্রা নিয়ে নির্মিত হচ্ছে ব্রিটিশ ফুটবলভিত্তিক একটি সিরিজ। সেখানে অভিনয় করতে দেখা যাবে সিআর৭-কে। সিরিজটিতে আরও থাকছেন আর্সেনালের সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি।

তবে শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না রোনাল্ডো। সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন তিনি। ফুটবলের পাশাপাশি ইতোমধ্যে নিজের একটি প্রোডাকশন হাউসও গড়ে তুলেছেন পর্তুগিজ তারকা। সেই প্রযোজনা প্রতিষ্ঠানই সিরিজটি নির্মাণ করছে। ফলে ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে রোনাল্ডোর।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো। তিনি বলেন, ‘আমার কাছে এটি খুবই উত্তেজনাপূর্ণ একটি বিষয়। জীবনের নতুন একটি দিক উন্মোচিত হলো। আমরা বরাবরই নতুন কিছু করতে ভালোবাসি। আশা করছি, সবাই এটি পছন্দ করবেন।’

দেশের হয়ে নিজের শেষ বিশ্বকাপেও অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি রোনাল্ডো। তিনটি গোল করলেও দেখা যায়নি তাঁর চেনা সেই দুর্দান্ত রূপ। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় পর্তুগালকে। ফলে অধরাই থেকে গেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি রোনাল্ডো। মাঠে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন নানা প্রশ্ন, তখনই বিনোদন জগতে নতুন ইনিংস শুরু করলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা। এখন দেখার বিষয়, ফুটবল মাঠের মতো পর্দার জগতেও কতটা সাফল্য পান সিআর৭।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর